ইদের আগেই দ্বিগুন আদার দাম, বাড়তি সয়াবিন তেলও
ইদের আগেই দ্বিগুন আদার দাম, বাড়তি সয়াবিন তেলও
সংবাদ ২৪ ঘন্টা
২৩ মে ২০২৬
চার দিন পরই ইদুল আজহা। সপ্তাহের ব্যবধানে ডিম, আদা, রসুন, সয়াবিন তেলের দাম বেড়েছে। তবে স্থিতিশীল আছে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম। এছাড়াও মুরগিও বাড়তি দামে বিক্রি হচ্ছে। সবজির দামও আগের মতোই আছে।
শুক্রবার (২২ মে) রাজশাহী নগরীর সাহেববাজার, সাগরপাড়া, উপভদ্রার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। এক মাস আগে ডিমের হালি ছিল ৩০ থেকে ৩৪ টাকা। তা এখন বেড়ে বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৫২ টাকা হালিতে। ১৭৫ টাকার প্যাকেটজাত পোলাওর চাল ১৯০ টাকা, চিনির কেজি ১১০ টাকায় ঠেকেছে। আগের মতোই সবজি উচ্চমূল্যে বিক্রি হচ্ছে। তবে বাড়েনি জিরা-এলাচসহ অন্য মসলার দাম। বাজারভেদে একই পণ্য ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কম-বেশি দামে বিক্রি হচ্ছে।
রোজার ইদে আদার কেজি ১২০-১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা ২৮০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। কেজিতে বেড়েছে ১৩০ যা দ্বিগুন হয়েছে দাম। দেশি রসুনের কেজি ২০০ টাকা, চায়না রসুন ১৬০ টাকা, জিরা ৬৮০ টাকা, এলাচ ৫ হাজার ৬০০ টাকা, লবঙ্গ দেড় হাজার টাকা, দারুচিনি ৫৪০ টাকায় বিক্রি হয়েছে।
সাহেববাজারের খুচরা বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, কোরবানির ইদে আদার চাহিদা বাড়ায় দাম বাড়ছে। আগে কম দামে বিক্রি হলেও বর্তমানে বেশি দামে কেনা। তাই কম দামে বিক্রি সম্ভব হচ্ছে না। ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার ও দেশি মুরগির দামও কমেনি। ব্রয়লার মুরগি ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি মুরগি ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ ও খাসির মাংস ১১৫০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাসের ব্যবধানে সোনালি মুরগি ৩৮০ থেকে কমে বর্তমানে ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বোরো ধান খেত থেকে ঘরে উঠে গেছে। তারপরও কমেনি কোনো ধরনের চালের দাম। মিনিকেট চাল ৭০ থেকে ৮৫ টাকা কেজি, আটাশ ৬০ থেকে ৬৫ ও মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হয়। ঈদকে কেন্দ্র করে পোলাওর চালের দামও বেড়েছে কেজিতে ১৫ টাকা। প্রাণ, আকিজসহ বিভিন্ন কোম্পানির প্যাকেটজাত পোলাওর চাল ১৭৫ টাকা থেকে বেড়ে ১৯০ টাকায় ঠেকেছে।
বাজারে এখনো শীতের কপি, টমেটো বিক্রি হচ্ছে। গ্রীষ্মকালের সবজিও ভরে আছে বাজার। তারপরও কমছে না সবজির দাম। বিভিন্ন বাজারের অধিকাংশ দোকানে বেগুন ৫০-৬০ টাকা, পটল ৫০ থেকে ৬০, কাঁকরোল ৮০ টাকা, হাইব্রিড শসা ৮০ টাকা, বরবটি ও কচুরলতি ৬০ থেকে ৮০ টাকা, কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা, সজনেডাঁটা ১৬০ টাকায় বিক্রি হয়। টমেটো ১০০ টাকায় ঠেকেছে। এ ছাড়া করলা ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৫০ টাকায় বিক্রি করা হয়েছে। ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গাও ৫০-৬০ টাকা ও কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হয়।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা