রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৩৫ পিএম আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:১৮ পিএম ৩৩ বার পঠিত
রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের সংবাদ সম্মেলন

সংবাদ ২৪ ঘন্টা
১৪ মে ২০২৬
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ করবে ‘১১ দলীয় ঐক্য’। এ সমাবেশ সফল করতে এবং দেশবাসীকে অবহিত করতে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকার আমানা ফুড ভিলেজ হলরুমে ১১ দলীয় ঐক্য, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, আগামী ১৬ মে বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের উজ্জীবিত করাই সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য। বক্তারা তাদের বক্তব্যে তিনটি মৌলিক দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়। দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জনগণ এ পরিস্থিতির পরিবর্তন চায় এবং নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা দেখতে চায়। নেতৃবৃন্দ আরও বলেন, গণতন্ত্রের মূল শক্তি জনগণ। তাই জনগণের মতামত ও রায়কে সম্মান করেই রাষ্ট্র পরিচালিত হওয়া উচিত। দেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন এবং জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সাংবাদিকদের মাধ্যমে আগামী ১৬ মে মাদ্রাসা ময়দানের সমাবেশ সফল করতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী, মহানগর সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির রাজশাহী মহানগর সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক রফিকুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।#

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।