মূল হোতার পর গ্রেপ্তার আরও দুজন
সাভারে এসবি সদস্য হত্যা, আরও ২ আসামি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
সাভারে এসবি সদস্য হত্যা, আরও ২ আসামি গ্রেপ্তার
সংবাদ ২৪ ঘন্টা
০৭ সেপ্টে ২০২৬
ঢাকার সাভারে এক বৃদ্ধ রিকশাচালককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল হোতা জহিরুল ইসলামের পর আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন। নতুন গ্রেপ্তার শুকুর ও দেলোয়ারকে আমিনবাজার এলাকা থেকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার রাতে সাভারের আমিনবাজার এলাকা থেকে শুকুর ও দেলোয়ারকে আটক করে সাভার মডেল থানায় হস্তান্তর করে ডিবি পুলিশ। তারা মামলার এজাহারনামীয় আসামি না হলেও তদন্তে প্রাপ্ত তথ্য ও ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।
এর আগে, সকালে এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ও প্রাইভেটকার মালিক জহিরুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। জহিরুল সাভারের বড়দেশী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত শনিবার রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে এক বৃদ্ধ রিকশাচালককে একটি প্রাইভেটকার ধাক্কা দিলে কাছেই থাকা এসবি সদস্য আলতাফ হোসেন এগিয়ে যান এবং এর প্রতিবাদ জানান। এ সময় প্রাইভেটকারে থাকা যুবকরা তার ওপর চড়াও হয় এবং পরবর্তীতে আরও লোক ডেকে এনে তাকে বেধড়ক পেটায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটিতে এখন পর্যন্ত মূল হোতা জহিরুলসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেপ্তারে এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা