সততার অনন্য দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন আরএমপি কনস্টেবল
সততার অনন্য দৃষ্টান্ত: কুড়িয়ে পাওয়া টাকার ব্যাগ মালিককে ফিরিয়ে দিলেন আরএমপি কনস্টেবল
সংবাদ ২৪ ঘন্টা
২৪ মে ২০২৬
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য দায়িত্ব পালনকালে কুড়িয়ে পাওয়া হারানো ব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা, দায়িত্ববোধ ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আরএমপি সূত্রে জানা গেছে, শনিবার রাতে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো. মানিক হোসেন সাহেববাজার জিরোপয়েন্ট ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের একপর্যায়ে রাত ৮টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পার্টস ব্যাগ তার নজরে আসে। পরে তিনি ব্যাগটি উদ্ধার করেন।
ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পাওয়া যায়। এরপর ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তথ্য যাচাই-বাছাই শেষে ব্যাগটির প্রকৃত মালিককে শনাক্ত করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।
পরদিন রোববার সকাল ১০টার দিকে সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যাগটি তার প্রকৃত মালিক উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। তিনি রাজশাহী মহানগরীর একজন বাসিন্দা।
উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশ্যে রিকশাযোগে রেলগেট এলাকা থেকে সাহেববাজার জিরোপয়েন্টে আসার পথে অসাবধানতাবশত তার ব্যাগটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনো সন্ধান পাননি। হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।
দীর্ঘ খোঁজাখুঁজির পর পুলিশের মাধ্যমে ব্যাগটি ফিরে পেয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তোলে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
আরএমপি জানিয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক ও জনসেবামূলক কর্মকাণ্ডেও তারা সবসময় অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
শেয়ার করুন
বস্তনিষ্ঠ সংবাদের একমাত্র অনলাইন ঠিকানা